রবিবার, ২০ জুলাই, ২০১৪



কথা  রাখবো 

নিধুভূষণ দাস 


কথা দিলাম  কথা রাখবো
এ শুধু কথার কথা নয়
আকাশ সাক্ষী সূর্য-তারার সামনে
দৃপ্ত শপথ ,কথা  রাখবো।

এখন বলো তুমি কী করবে
পারবে কি হাত ধরতে
কন্ঠে কন্ঠ মেলাতে
সব বাধাকে হার মানাতে?

কথা দিলাম ,যদি ধরো  হাত
প্রয়োজনে যেতে পারি দেশান্তরে
তুমি বলো কতটা কী করতে পারো
কথা দিলাম কথা রাখবো।
















শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪






তুমি আছো তাই 

নিধুভূষণ দাস 





ভালোবাসি তোমাকে ,বেঁচে থাকি তোমাকে নিয়ে
তুমি আছ বলে ভালো  থাকি  আমি
নয়তো হয়ে যেতাম ঢেউহীন জলধি ।

তুমি সঙ্গী বলে এখনও হৃদয় আছে
হয়ে যাইনি প্রাণহীন  পুতুল -মানবী
বারবার সিক্ত কারো প্রাণ-রসে তুমি।

তাই বারবার ফিরে আসি তোমার বুকে
 আশ্রয় দাও,বিশ্রাম দাও, আরও দাও স্বপ্ন তুমি
স্বপ্ন আমার সহোদরা , তুমি ধাত্রী-দেবী।  

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪




ফিরে আসি  নরকে 

নিধুভূষণ দাস 




উফ ! পারা যায়না আর
কংক্রীটের জঙ্গলে আগুনের উত্তাপ
হোকনা এসি গাড়ি
কতক্ষণ থাকা যায় হয়ে বাক্সবন্দী।

ইচ্ছে হয় যাই উদ্যানে কিংবা
নিদেনপক্ষে কোনো গাছের ছায়ায়
উপায় নেই ,রাস্তায় বেরুলেই
যানজটে হতে হয় নাজেহাল।

মন করে ছটফট
অরণ্যে ,পাহাড়ে আর  সাগরে ছুটে যাই
কিন্তু পিছু টানে অভ্যস্ত  নগর জীবন
নরকেই ফিরে আসি তাই।