শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪



নায়কের বিদায় 

নিধুভূষণ দাস 



"Man is born free,and everywhere he is in chains"
বলে গেছেন রুশো ,"তোমরা আমাকে রক্ত দাও ,আমি দেবো স্বাধীনতা
তোমাদের",দৃপ্ত শপথ নেতাজি সুভাষের,"এবারের সংগ্রাম স্বাধীনতার
সংগ্রাম ,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম",সহরাওয়ার্দি উদ্যানে লাখো
জনতার সামনে ঘোষনা অকুতোভয়  মুজিবের।

স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ ,লাখো শহীদের রক্ত-ঋণ  শোধ  না করেই
হয়েছে কলঙ্কিত পদ্মা-মেঘনা-যমুনার  দেশ,খুন হয়েছেন  জাতির জনক
যেমন হয়েছিলেন দাসপ্রথা উত্খাতের নায়ক আব্রাহাম লিঙ্কন।

এমনই হয় বারবার ,যেমন মহামতি যীশু  হয়েছিলেন ক্রুশবিদ্ধ
বুলেটের আঘাতে প্রার্থনাসভায় লুটিয়ে পড়েছিল অপাপবিদ্ধ মহাত্মার দেহ
স্বাধীন ভারত জানলোনা নেতাজি কোথায়। 

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪






চলো নদী কিনি 

নিধুভূষণ দাস 


চলো  যাই নদী কিনি
নদী হবে ব্যক্তিগত সম্পত্তি আগামী দিনে
বোতলবন্দী জল,কোমল পানীয বানাতে চাই বিপুল জল
মাছ ,জলজ উদ্ভিদ ,মায় ড্রেজিং-এ উঠে আসা বালি
সবই বিকোবে অনেক দামে ,থাকবে নৌবিহারেরও আয়োজন
বিত্তবানদের ব্যাঙ্ক-কার্ডে টাকা আসবে আমাদের ঘরে।

কিনতে হবে নদীর উত্স পাহাড়ও,নয়তো ওরা ঘুরিয়ে দেবে নদীর পথ
ওখানকার মানুষদের বানাবো দাস ,নয়তো তাড়াবো অবলীলায়
বাস্তুতন্ত্র করব সমৃদ্ধ নদীর স্বাস্থ্য রক্ষায়।

চলো যাই জঙ্গল কিনি ,ওখানে মাটির নিচে সঞ্চিত আছে মূল্যবান খনিজ
বক্সাইট ,ইউরেনিয়াম ,আরও কত কী
খনিজ আহরণে প্রয়োজনে সাফাই করবো বন
হয় হোক পরিবেশ বিপর্যয় ,আগামী দিনের জন্য
চাই ,যাকে বলে,কৌশলগত বিনিয়োগ
চলো  যাই পকেটবন্দী করি প্রকৃতি। 

বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪



তুমি খুব ভালো আছো 

নিধুভূষণ দাস 




শৈশবে  কী খেয়ালে একদিন লাগিয়েছিলাম এক আমের চারা
সে এখন আমার মতোই  বড়ো ,বয়স যদিও কম পাঁচ বছর
গ্রীষ্মে  এখনও সে ফল  দেয় ,খরতাপে দেয় শীতল ছায়া
বাতাসে দোলে  যখন তার ডালপালা ,বিশ্বাস হয় ডাকছে আমাকে
ছুটে যাই  তার  তলায়,যেমন যেতাম এক সময় তোমাকে  নিয়ে
জানো তুমিও, সে কোনোদিন করেনি  অমর্যাদা এই  বিশ্বাসের
দিয়েছে পাকা ফল মনের মতো ,তুমি বলতে "বন্ধু পরম "
এখনও বন্ধুত্বে অকৃত্রিম আমরা দুজন ,শুধু থাকলেনা  তুমি

আজও সে যেনো  বারবার খোঁজে তোমাকে ,অস্ফুটে শুধোয়  "কোথায় অনুসূয়া?"
আমি তারে  বলি "ও ভালো আছে সুদূরে  কংক্রীটের  জঙ্গলে,খুব ভালো আছে।